প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ফেনী সফর সামনে রেখে জেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে প্রস্তুতি শুরু হয়েছে। সফরের সম্ভাব্য স্থানগুলো ঘুরে দেখার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী।
আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন সূচির কথা বিভিন্ন প্রতিবেদনে এসেছে। সফরকে কেন্দ্র করে প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনভর ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার কয়েকটি সম্ভাব্য ভেন্যু পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের পুলিশ কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।
পরিদর্শনের সময় সম্ভাব্য জনসভাস্থল, হেলিপ্যাডসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা পরিকল্পনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়।
ডিআইজি পরশুরামের মুহুরী নদীর স্টিল ব্রিজসংলগ্ন সম্ভাব্য জনসভাস্থল এবং পরশুরাম পাইলট উচ্চবিদ্যালয়ের অস্থায়ী হেলিপ্যাডের মাঠ ঘুরে দেখেন। এরপর ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ, বেগম খালেদা জিয়া মহিলা কলেজ মাঠ ও ফুলগাজী ডাকবাংলো পরিদর্শন করেন।
এ সময় ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, ফেনী সদর, দাগনভূঞা ও সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য সফরসূচির বিভিন্ন স্থান ঘুরে দেখে নিরাপত্তাব্যবস্থার প্রস্তুতি ও প্রয়োজনীয় সমন্বয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে শনিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের ফেনী সফরের কথা রয়েছে। তিনি সম্ভাব্য ভেন্যু ও প্রশাসনিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
সদ্য সংবাদ/এসকে