চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে মো. নাছির উদ্দীন নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি ওয়ান শুটারগান এবং ১১ রাউন্ড গুলি ও শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার নাছির উদ্দীন ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তার বয়স ৪৩ বছর।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে ধলই ইউনিয়নের এনায়েতপুর বাজারসংলগ্ন পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়িতে অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নাছিরের বসতঘর তল্লাশি করে অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়।
তল্লাশির একপর্যায়ে তার শয়নকক্ষের স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৭ দশমিক ৬৫ মিলিমিটার পিস্তলের চার রাউন্ড গুলি পাওয়া যায়। পরে একই কক্ষের স্টিলের আলমারির নিচের ড্রয়ারে একটি ওয়ান শুটারগান এবং সাত রাউন্ড শটগানের কার্তুজের সন্ধান মেলে।
জিজ্ঞাসাবাদে নাছির পুলিশকে জানিয়েছেন, রাউজানের বাসিন্দা তার বন্ধু মো. তৈয়ব প্রায় তিন থেকে চার মাস আগে বিদেশে যাওয়ার সময় অস্ত্র ও গোলাবারুদগুলো তার কাছে রেখে যান। দেশে ফেরার পর সেগুলো নিয়ে যাওয়ার কথা ছিল বলে দাবি করেছেন তিনি।
শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ নিজেদের দখলে রাখার অভিযোগে নাছির উদ্দীন ও পলাতক তৈয়েবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
এ ঘটনায় পলাতক তৈয়বকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সদ্য সংবাদ/এসএস