ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন তিনি। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা ছিলেন।
মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুলের সংসদীয় আসনটি শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন।
এর আগে শনিবার ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনও মনোনয়নপত্র জমা দেন। ফলে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিএনপির প্রার্থীও আনুষ্ঠানিকভাবে কাগজ জমা দেওয়ায় আসনটির নির্বাচনী তৎপরতা আরও দৃশ্যমান হলো।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল ও প্রার্থিতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন হবে।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত এ সংসদীয় আসন। উপনির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ ও দাখিলের কার্যক্রম শুরু হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
সদ্য সংবাদ/এসএস