হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজি ও টমটম স্ট্যান্ডের নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
রোববার (২৭ আগস্ট) দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাজারের বকুলতলা এলাকায় সিএনজি ও টমটমের স্ট্যান্ড পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। স্ট্যান্ডের দখল ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে রোববার দুপুরে চালকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়।
পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দেশীয় অস্ত্র ব্যবহারের পাশাপাশি একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। সংঘর্ষের খবর পেয়ে বাহুবল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, সিএনজি ও টমটম স্ট্যান্ডের বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে সেটি সংঘর্ষে রূপ নেয়। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদ্য সংবাদ/এসএস