সাপ্তাহিক ছুটির দুই দিন সরকারি কার্যালয় বন্ধ থাকার সুযোগে শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা কার্যালয়ের পাঁচটি তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে।
তবে অফিসের গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্রে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা তছনছের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় অবস্থিত জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরির বিষয়টি প্রথম নজরে আসে।
কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দিনের কাজ শেষ করে কর্মকর্তা-কর্মচারীরা অফিস বন্ধ করে চলে যান। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় পরবর্তী দুই দিন কার্যালয়ের কার্যক্রম বন্ধ ছিল।
শনিবার সন্ধ্যায় জরুরি প্রয়োজনে অফিস সহকারী বোরহান হাওলাদার কার্যালয়ে গেলে মূল দরজার তালা ভাঙা দেখতে পান। ভেতরে প্রবেশের পর কয়েকটি কক্ষের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান তিনি। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়।
কর্মকর্তারা এসে কার্যালয়ের বিভিন্ন কক্ষ পরীক্ষা করে দেখতে পান, মোট পাঁচটি তালা ভাঙা হয়েছে। সেখান থেকে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব এবং একটি মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না। তবে গুরুত্বপূর্ণ কোনো সরকারি নথি চুরি হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মাসুদ মামুন বলেন, অফিস সহকারী ফোন করে তালা ভাঙার বিষয়টি জানান। পরে কার্যালয়ে গিয়ে পাঁচটি তালা ভাঙা এবং ল্যাপটপ, ট্যাব ও মোবাইল ফোন চুরি যাওয়ার বিষয়টি দেখতে পান। গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র নষ্ট বা তছনছ করা হয়নি বলেও জানান তিনি।
তিনি বলেন, ঘটনাটি থানায় জানানো হয়েছে। পুলিশের পরামর্শ অনুযায়ী চুরির ঘটনায় অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরির খবর পুলিশ পেয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কর্তৃপক্ষের ধারণা, বৃহস্পতিবার বিকেলে অফিস বন্ধ হওয়ার পর থেকে শনিবার সন্ধ্যায় চুরি ধরা পড়ার আগ পর্যন্ত কোনো এক সময়ে দুর্বৃত্তরা কার্যালয়ে প্রবেশ করে। টানা দুই দিন সরকারি ছুটি থাকায় নিরাপত্তার সুযোগ নিয়েই চুরির ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় সরকারি কার্যালয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত এবং খোয়া যাওয়া মালামাল উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।
সদ্য সংবাদ/এসএস