জামালপুরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিউল হাসান সোহাগ নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার সোহাগ সদর উপজেলার রশিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি একই ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ডিবি পুলিশ জানায়, মোটরসাইকেল চুরি চক্রের সদস্য ফারুক, রাজ্জাক ও সাদ্দামকে জিজ্ঞাসাবাদে সোহাগের নাম উঠে আসে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে রশিদপুর ইউনিয়নের পাকুল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে চক্রের সদস্যরা জানিয়েছেন, চুরি করা মোটরসাইকেল বিক্রির দায়িত্বে ছিলেন সোহাগ। তদন্তে পাওয়া তথ্য যাচাই করে তার অবস্থান শনাক্তের পর অভিযান চালানো হয়।
ডিবির আরও দাবি, সোহাগ দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন এবং সংঘবদ্ধ একটি চক্রের কার্যক্রমে ভূমিকা রাখতেন। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী শনিবার রাতেই রশিদপুর বাজার এলাকা থেকে আরও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার রোববার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সোহাগকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মোটরসাইকেল চুরি ও চোরাই যানবাহন উদ্ধারে ডিবির অভিযান অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/এসএস