কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিদ্যালয়ের একটি নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে নামফলকে নিজের নাম দেখে আপত্তি জানিয়েছেন। পরে ফিতা না কেটেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দেবীদ্বার উপজেলার রাধানগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নতুন একাডেমিক ভবন উদ্বোধনের পাশাপাশি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসনাত আবদুল্লাহ।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের ভাষ্য, উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুরুর আগে ভবনের নামফলকের আবরণ সরানো হয়। তখন ফলকে সংসদ সদস্যের নাম দেখতে পান হাসনাত। বিষয়টি তার নজরে আসার পর তিনি অসন্তোষ জানান।
হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারি অর্থে নির্মিত কোনো ভবন বা প্রাতিষ্ঠানিক স্থাপনায় জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক ব্যক্তির নাম ব্যবহার করার প্রচলন তিনি সমর্থন করেন না। তার ভাষ্য, জনগণের করের অর্থে উন্নয়নকাজ হয়; সেক্ষেত্রে স্থাপনার নামফলকে ব্যক্তির নামের পরিবর্তে দেশের নাম কিংবা প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট ঐতিহাসিক তথ্য রাখা যেতে পারে।
রাজনৈতিক নেতাদের প্রচার ও ব্যক্তিকেন্দ্রিক সংস্কৃতির পরিবর্তে নতুন ধরনের রাজনৈতিক চর্চার প্রয়োজন রয়েছে বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি।
এ সময় ভবিষ্যতে তার নির্বাচনি এলাকায় নির্মিত উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী ফলকে তার নাম ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য। এরপর নতুন ভবনের উদ্বোধন না করেই তিনি অনুষ্ঠানস্থল ছেড়ে যান।
এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। রাধানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ জানান, ভবনের নামফলকটি দ্রুত পরিবর্তন করে নতুন ফলক স্থাপন করা হবে।
এরই মধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে বিভিন্ন মহলে আলোচনা চলছে। কেউ এটিকে ব্যক্তিকেন্দ্রিক নাম ব্যবহারের বিরোধিতার উদাহরণ হিসেবে দেখছেন। অন্যদিকে, সমালোচকদের কেউ কেউ ঘটনাটিকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার একটি কৌশল হিসেবে ব্যাখ্যা করছেন।
সদ্য সংবাদ/এসএস