সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির এক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত মো. হাফিজুর রহমান দুর্গানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।
গত ২০ সেপ্টেম্বর সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলাটি দায়ের করেন বেলকুচি উপজেলার দক্ষিণ বানিয়াগাতী গ্রামের মোছা. শিউলি আক্তার শিলা (৩৩)।
মামলার এজাহার ও বাদীর হলফনামা সূত্রে জানা যায়, শিউলি আক্তার তার স্বামীর সঙ্গে এক আত্মীয়ের বাসায় ভাড়া থাকতেন। ওই সূত্রে হাফিজুর রহমানের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে মোবাইল নম্বর নেওয়ার পর তাঁদের মধ্যে ফোনে কথাবার্তা হতো।
এজাহারে অভিযোগ করা হয়, বাদীর পারিবারিক কলহের বিষয়টি জানার পর হাফিজুর রহমান তাঁকে ফোন করে তালগাছী বাসস্ট্যান্ডে আসতে বলেন। সেখানে যাওয়ার পর তাঁকে মোটরসাইকেল ও ভ্যানে করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে একটি কক্ষে আটকে রেখে বিয়ের প্রলোভন দেখানো হয়। এতে রাজি না হওয়ায় ভয়ভীতি দেখিয়ে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ সময় তাঁর দুই গালে সিগারেটের ছ্যাঁকা দেওয়ারও অভিযোগ করা হয়েছে।
মামলার বিবরণে আরও বলা হয়, ঘটনার পর ভুক্তভোগী ভয়ে বিষয়টি কাউকে জানাননি। পরদিন অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করার পর তিনি পরিচিত একজনকে ফোন করে বিষয়টি জানান। পরে ওই ব্যক্তি কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন।
ভুক্তভোগী থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যোগাযোগ করলে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয় বলে মামলার সূত্রে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত হাফিজুর রহমানের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/ এআর