ব্রাহ্মণবাড়িয়ায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উদ্দেশে শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে যাওয়ার ঘটনায় স্থানীয়ভাবে নানা আলোচনা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জেলা শহরের ফকিরাপুল ব্রিজের ওপর কেকটি রেখে যায় একদল অজ্ঞাত ব্যক্তি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে বিষয়টি সামনে আসে।
ভিডিওটিতে এক ব্যক্তির কণ্ঠে দাবি করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সদর মডেল থানার ওসির জন্য ওই কেক পাঠানো হয়েছে। পুলিশ প্রশাসনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশার কথাও সেখানে বলা হয়।
এ ছাড়া ভিডিওতে জুলাই আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের হত্যার বিচার এবং ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার দাবি করা হয়। সদর মডেল থানার ওসিকে তার সহকর্মী এবং বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কেকটি ভাগ করে খাওয়ার অনুরোধও জানানো হয়।
ফকিরাপুল ব্রিজে রেখে যাওয়া কেকটির ওপর লেখা ছিল ‘শুভ জন্মদিন শেখ হাসিনা’। এর নিচে উল্লেখ করা হয়, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার ওসির জন্য’। কেকটির ওপর বাংলাদেশের জাতীয় পতাকার ছবিও ছিল।
এদিকে, ভিডিওটি নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি খাইরুল আলম বলেন, কে বা কারা রাস্তার পাশে একটি কেক রেখে গেছে, সে বিষয়ে তিনি অবগত হয়েছেন। তবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে।
সদ্য সংবাদ/এসএস