রাঙামাটির সাজেকের চাইল্যাতলী এলাকায় দুই আঞ্চলিক সশস্ত্র সংগঠনের মধ্যে সংঘর্ষে সাত বছরের এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে পিসিসিপি নেতারা দাবি করেন, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু)-এর সশস্ত্র সদস্যদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে মাচালং এলাকার সঞ্জিতা ত্রিপুরা নামে সাত বছরের একটি শিশু গুলিবিদ্ধ হয়েছে বলে তারা উল্লেখ করেন।
তাদের অভিযোগ, পাহাড়ে সক্রিয় সশস্ত্র সংগঠনগুলোর সংঘাতের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা বারবার প্রশ্নের মুখে পড়ছে। শিশুদেরও এ ধরনের সহিংসতার শিকার হতে হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
পিসিসিপির নেতারা বলেন, সংঘাত ও নিরাপত্তাহীনতার প্রভাব স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সাজেকের পর্যটন পরিবেশের ওপরও পড়ছে। তাদের মতে, দীর্ঘমেয়াদি সহিংসতা অব্যাহত থাকলে পাহাড়ি অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা ও পর্যটন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিবৃতিতে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং আহত শিশু সঞ্জিতা ত্রিপুরার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শিশুটির পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থার পাশাপাশি পার্বত্য এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ জোরদারেরও দাবি জানিয়েছে পিসিসিপি।
তবে সংঘর্ষের বিষয়ে ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু)-এর পক্ষ থেকে কোনো বক্তব্য এই বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
সদ্য সংবাদ/এসএস