ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে নারী ও শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পলিয়ানপুর সীমান্তে এ অভিযান চালায় ৫৮ বিজিবির পলিয়ানপুর বিওপির একটি টহলদল।
বিজিবি জানায়, সীমান্ত মেইন পিলার ৬০/১-আর থেকে প্রায় ৫০ গজ ভেতরে পলিয়ানপুর গ্রামের রায়পুর এলাকায় সন্দেহজনকভাবে কয়েকজনকে চলাচল করতে দেখা যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে বলে বিজিবির তথ্য।
আটকদের মধ্যে রয়েছেন খুলনার কয়রা উপজেলার জোমাত আলী গাজী (৫৭), পাইকগাছার মরিয়ম বেগম (৪১), গোপালগঞ্জের মুকসুদপুরের শিশু সরকার (৫১), কয়রার রওশনারা (৩২), মুন্সীগঞ্জের সিরাজদিয়া উপজেলার মো. সীমান্ত (১৬) এবং কয়রার শামীমা খাতুন (৯)।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা কাজের উদ্দেশ্যে অবৈধ পথে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সদ্য সংবাদ/এসএস