পটুয়াখালীর গলাচিপায় বিএনপির একটি সন্ত্রাসবিরোধী কর্মসূচিতে যুবলীগ ও ছাত্রলীগের নাম উল্লেখ করে স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে দলীয়ভাবে তদন্ত শুরু হয়েছে। ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের পরিচয় খুঁজে বের করতে উপজেলা বিএনপি তিন সদস্যের তদন্ত কমিটি করেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আমখোলা বাজার এলাকায় ১ নম্বর আমখোলা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচির ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রয়াত গলাচিপা উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান খানের ছবি ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলকারীদের কয়েক ধরনের স্লোগান দিতে শোনা যায়। শুরুতে বিএনপির পরিচিত স্লোগানের পর ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ বলা হয়। এরপর যুবলীগ ও ছাত্রলীগের নাম উল্লেখ করে একই ধরনের স্লোগান দেওয়ার শব্দ শোনা যায়। পরে যুবদল ও ছাত্রদলের নামেও স্লোগান দিতে দেখা যায় ভিডিওটিতে।
দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচিতে আমখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান গাজী, সদস্যসচিব আল মামুন সরদার এবং গলাচিপা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান ইমরানসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মিছিলে অংশ নেওয়া আহসান ইমরান জানান, তিনি পটুয়াখালী থেকে গলাচিপায় ফেরার পথে আমখোলা চৌরাস্তায় পৌঁছালে আল মামুন সরদারের অনুরোধে কর্মসূচিতে যোগ দেন। তার দাবি, মিছিলের পেছনের অংশ থেকে অজ্ঞাত কয়েকজন যুবলীগ ও ছাত্রলীগের নাম ব্যবহার করে স্লোগান দিয়েছিলেন।
এ বিষয়ে বক্তব্য জানতে আল মামুন সরদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
তবে আমখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান গাজী দাবি করেন, তারা দলীয় স্লোগান দিয়েই কর্মসূচি পালন করেছেন। যুবলীগ ও ছাত্রলীগের নামে স্লোগান দেওয়ার বিষয়টি তিনি পরে অন্যদের কাছ থেকে শুনেছেন বলে জানান।
ঘটনাটি নিয়ে উপজেলা বিএনপির সদস্যসচিব আলতাফ খান বলেন, মঙ্গলবার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর দলীয় বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সদ্য সংবাদ/এসএস