সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগপত্র না পাওয়ার অভিযোগে জামালপুরে অনশনে বসেছেন ৫১ জন শিক্ষক প্রার্থী।
নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
মঙ্গলবার সকাল থেকে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দ্বিতীয় তলার মেঝেতে কাপড় বিছিয়ে অবস্থান নিয়েছেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা।
তাঁদের অভিযোগ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জামালপুর জেলায় মোট ১৩৬ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। এর মধ্যে ৮৫ জনের নিয়োগ সম্পন্ন হলেও এখনো নিয়োগপত্র পাননি বাকি ৫১ জন।
চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ না পাওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন এসব প্রার্থী। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থেকে তাঁরা মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন বলেও জানান।
অনশনরত প্রার্থীদের দাবি, তাঁদের নিয়োগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিয়োগপত্র দেওয়ার ব্যবস্থা করতে হবে।
তাঁরা বলেন, মঙ্গলবারের মধ্যে নিয়োগের বিষয়ে স্পষ্ট ঘোষণা না এলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে চলমান অনশনস্থল থেকে তাঁরা সরবেন না।
সদ্য সংবাদ/ এআর