নওগাঁয় একদিন স্বাভাবিক থাকার পর আবারও জেলার অভ্যন্তরীণ রুটগুলোতে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকেরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে কোনো বাস না চলায় বিভিন্ন গন্তব্যের যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, বদলগাছী উপজেলায় মঙ্গলবার এক বাসচালককে মারধরের ঘটনার প্রতিবাদেই নতুন করে এই কর্মসূচি দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার চলাচল বন্ধের দাবিও রয়েছে তাদের।
শ্রমিক ও বাস মালিকদের ভাষ্য অনুযায়ী, কয়েক দিন আগে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাসশ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে মারধরের অভিযোগ ওঠে অটোরিকশাচালকদের বিরুদ্ধে।
আহত রুবেলকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এই ঘটনার জেরে ২৭ সেপ্টেম্বর থেকে নওগাঁর অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছিলেন পরিবহন শ্রমিকেরা। প্রশাসনের সঙ্গে একাধিক দফা বৈঠকের পর ২৮ সেপ্টেম্বর রাতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। পরদিন জেলার বিভিন্ন রুটে বাস চলাচলও শুরু হয়।
তবে বাস চলাচল স্বাভাবিক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বদলগাছীতে নতুন করে চালককে মারধরের অভিযোগ ওঠে। মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস সেখানে যাওয়ার পর চালককে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা মারধর করেন বলে দাবি করেন বাসশ্রমিকেরা। এরপরই বুধবার সকাল থেকে ফের বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, পরিবহন সংশ্লিষ্টদের অভ্যন্তরীণ কিছু বিরোধের কারণে বাস চলাচল স্বাভাবিক হয়নি। তাদের দাবিগুলো পূরণের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করে বাস চলাচল চালুর জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।
সদ্য সংবাদ/এসএস