বগুড়া থেকে চুরি হওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ঢাকায় নেওয়ার পথে সিরাজগঞ্জে পুলিশের হাতে ধরা পড়েছে আন্তজেলা চোরচক্রের আট সদস্য। শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে এসব মোবাইল উদ্ধার করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় এ অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানায়, একই দিন ভোরে বগুড়ার ধুনট উপজেলার একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সংঘবদ্ধ একটি দল দোকানের শাটার কেটে ভেতরে ঢুকে ৯৪টি মোবাইল ফোন নিয়ে যায়। পরে চুরি করা ফোনগুলো নিয়ে তারা শ্যামলী পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশে রওনা হয়।
চুরির খবর পাওয়ার পর তাদের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করে ধুনট থানা পুলিশ। পরে বিষয়টি সিরাজগঞ্জের সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলোকে জানানো হয়।
গোপন তথ্যের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে শ্যামলী পরিবহনের বাসটিতে তল্লাশি চালিয়ে আটজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক আটজন হলেন—চট্টগ্রামের আলামিন (৩০), ইসরাফিল রহমান (২৭), আক্কাস আলী (৩৫) ও মো. রিদয় (৩৪); নরসিংদীর মো. ইমরান (৩০); ব্রাহ্মণবাড়িয়ার ইয়াসিন আরাফাত (৩৮); কুমিল্লার মো. রবিউল (৩৩) ও আলাউদ্দিন (২৫)।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, চুরির ঘটনার পর অভিযুক্তরা বাসযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন। তথ্য পাওয়ার পর ধুনট থানা, হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।
বর্তমানে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও আটক ব্যক্তিরা যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় ধুনট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সদ্য সংবাদ/এসএস