ঢাকা মহানগর উত্তর বিএনপির তিন নেতাকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন ঢাকা মহানগর উত্তরের শাহআলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুভ্র।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলটির প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সব পর্যায়ের পদ থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে।
এর আগে বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই দিনে জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখা কমিটিও বিলুপ্ত করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পরিপ্রেক্ষিতেই বিএনপির পক্ষ থেকে তিন নেতাকে বহিষ্কার এবং দুটি কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/ এআর