সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাদক সেবনের একটি ভিডিওকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জের ইটনা উপজেলা আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এনসিপির কিশোরগঞ্জ জেলা কমিটির দপ্তর সম্পাদক রাতুল নাহিদ ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
দলটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাজমুল ঠাকুরের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুসরণ করে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনসিপি জানিয়েছে, বিষয়টির গুরুত্ব বিবেচনায় দলের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারের পরামর্শ নেওয়া হয়। পরে জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবিরের নির্দেশনায় নাজমুলের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ কার্যকর করা হয়।
এ বিষয়ে জেলা এনসিপির আহ্বায়ক শেখ খায়রুল কবির বলেন, নাজমুল ঠাকুরের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি দলের নজরে আসে। এরপর বিষয়টি যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সংগঠনের নীতি ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের কারণে নাজমুল ঠাকুরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের ফলে ইটনা উপজেলা এনসিপির আহ্বায়ক পদসহ দলটির স্থানীয় পর্যায়ে নাজমুলের সব সাংগঠনিক দায়িত্বও বাতিল হয়েছে।
সদ্য সংবাদ/এসএস