শিক্ষা, ক্রীড়া, মানবিক সহায়তা ও স্থানীয় উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও সমাজসেবক মো. হাবীব আজমকে বিশেষ সম্মাননা স্মারক দিয়েছে চ্যানেল আই।
চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে রাঙামাটি প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মাদ আব্দুর রকিব, পিপিএম।
হাবীব আজম দীর্ঘদিন ধরে পার্বত্য রাঙামাটির সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা ও আর্থিক সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সৃষ্টিতে কাজ করে আসছেন। এ ছাড়া তরুণদের মাদক থেকে দূরে রাখতে ক্রীড়াসামগ্রী বিতরণ, পাহাড়ি-বাঙালি সম্প্রীতি রক্ষা, স্থানীয় পর্যটন খাতের বিকাশ এবং সামাজিক অবকাঠামো উন্নয়নেও তিনি ভূমিকা রেখে চলেছেন।
সম্মাননা গ্রহণের পর হাবীব আজম ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের স্বীকৃতি সমাজসেবামূলক কাজে তরুণ ও সামর্থ্যবান ব্যক্তিদের আরও উৎসাহিত করবে।
সদ্য সংবাদ/ এআর