গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমেদ দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন সাংগঠনিক দায়িত্ব পালনের পর বয়স ও শারীরিক নানা জটিলতার কারণ দেখিয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
শুক্রবার (২ অক্টোবর) সকালে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার সুলতান আহমেদ।
তিনি জানান, ২০১৩ সাল থেকে সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে তার বয়স ৭২ বছর। বয়স বাড়ার পাশাপাশি একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন তিনি।
সংবাদ সম্মেলনে সুলতান আহমেদ বলেন, অ্যাজমা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও দৃষ্টিশক্তি কমে যাওয়াসহ বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যার কারণে সাংগঠনিক কর্মকাণ্ডে আগের মতো সময় দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।
এ কারণে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদও ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
সুলতান আহমেদ সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চাচিয়া মীরগঞ্জ বালাপাড়া এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত আনছার আলী সরকারের ছেলে।
পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি জানান, এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সাংগঠনিক বা দলীয় সম্পৃক্ততা থাকবে না।
সদ্য সংবাদ/এসএস