নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নিঝুমদ্বীপ ইউনিয়নের বন্দরটিলা বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর প্রতিবাদ সমাবেশ করেন।
বিক্ষোভকারীদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে শ্যামলী সুলতানা জেদনী নিঝুমদ্বীপের বাসিন্দাদের ‘কুত্তা পাখি, ছাগল পাখি, গরু পাখি’ বলে উল্লেখ করেছেন। তাদের অভিযোগ, এ ধরনের শব্দচয়ন স্থানীয় মানুষের জন্য অপমানজনক।
সমাবেশে বক্তারা বলেন, নিঝুমদ্বীপের বাসিন্দাদের নিয়ে এমন মন্তব্য তারা মেনে নেবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের অধিকার থাকলেও কোনো ব্যক্তি বা এলাকার মানুষের মর্যাদায় আঘাত করে বক্তব্য দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তারা।
সাবেক নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, স্থানীয় মানুষকে নিয়ে এমন মন্তব্য দুঃখজনক। জনপ্রতিনিধির পরিবারের একজন সদস্যের কাছ থেকে এ ধরনের বক্তব্য তারা প্রত্যাশা করেননি।
ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শাহেদ উদ্দিন বলেন, ফেসবুক পোস্টের প্রতিবাদে নিঝুমদ্বীপের সাধারণ মানুষ একত্রিত হয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন।
এদিকে বিএনপি নেতা মো. ইব্রাহিম পার্টি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সবার থাকলেও তা যেন অন্যের সম্মান ক্ষুণ্ন করার কারণ না হয়। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য না করার আহ্বান জানান তিনি।
বিক্ষোভকারীদের ভাষ্য, তারা শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করেছেন। পরে শ্যামলী সুলতানা জেদনী তার ফেসবুক থেকে সংশ্লিষ্ট পোস্টটি সরিয়ে নেন। তবে এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বা মন্তব্য পাওয়া যায়নি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, নিঝুমদ্বীপে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
সদ্য সংবাদ/এসএস