মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া এলাকায় চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বগির সংযোগ হুক ছিঁড়ে গেছে। এতে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে লাউয়াছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শিপলু সূত্রধর জানান, চট্টগ্রামের দিকে যাওয়ার পথে পাহাড়িকা এক্সপ্রেসের বগির জোড়ার হুক ছিঁড়ে যায়। এর ফলে ট্রেনটি চলাচল করতে না পারায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
ঘটনার পর রেলওয়ে বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ক্ষতিগ্রস্ত সংযোগটি মেরামত করে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য কাজ শুরু করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ছিঁড়ে যাওয়া হুক পুনঃসংযোগের কাজ শেষ হলেই ওই রুটে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে।
সদ্য সংবাদ/এসএস