সিরাজগঞ্জে ইছামতি নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করতে গিয়ে আলামিন (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে পরিবার।
শুক্রবার (২ অক্টোবর) সকালে সদর উপজেলার ইছামতি আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আলামিন ওই গ্রামের আবু বক্করের ছেলে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শরীফুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৯টার দিকে আলামিন ইছামতি নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নদীর গভীর পানিতে তিনি তলিয়ে যান।
৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানো হলে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নৌকার মাধ্যমে জেলেদের জাল ব্যবহার করে নদীতে তল্লাশি চালানো হয়। পাশাপাশি রাজশাহী থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
বিকেল সাড়ে ৪টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে সন্ধ্যার পর আলো কমে যাওয়ায় অভিযান স্থগিত করা হয়।
স্টেশন অফিসার মো. শরীফুল ইসলাম বলেন, শনিবার (৩ অক্টোবর) সকাল থেকে ডুবুরি দল আবারও উদ্ধার অভিযান শুরু করবে।
সদ্য সংবাদ/ এআর