রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষ লরির বহর শনিবার সিরাজগঞ্জ অতিক্রম করেছে। সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে বহরটি পাবনার ঈশ্বরদীর উদ্দেশে এগিয়ে যায়।
সকাল ৬টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লরিগুলো রওনা দেয়। পরে যাত্রাপথে সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জের নলকা এলাকা অতিক্রম করে বহরটি হাটিকুমরুলের পাঁচলিয়া আন্তঃনগর ট্রাক বিশ্রামাগারে কিছু সময়ের জন্য থামে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুর রহমান জানান, সেখানে প্রায় ৪৫ মিনিট অবস্থানের পর লরিগুলো আবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দিকে যাত্রা শুরু করে।
ইউরেনিয়ামবাহী বহরের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। বহরটির যাত্রাকে কেন্দ্র করে পুরো রুটে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি বহনকারী একটি বিশেষ উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকেই নির্ধারিত নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী লরিগুলো রূপপুরের উদ্দেশে যাত্রা করে।
সদ্য সংবাদ/এসএস