নোয়াখালীর সেনবাগে একটি পিকআপে উঠে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৯ কিশোরকে আটক করেছে পুলিশ। তাদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলার ভূইয়া দিঘী এলাকায় পিকআপটি থামিয়ে ওই কিশোরদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমুহনী এলাকা থেকে একটি খালি পিকআপ ফেনী-নোয়াখালী মহাসড়ক দিয়ে সেবারহাটের দিকে যাচ্ছিল। পথে সেনবাগ উপজেলা স্টেডিয়ামের সামনে একদল কিশোর গাড়িটিতে উঠে সেবারহাট যাওয়ার কথা জানায়।
পিকআপটি ভূইয়া দিঘী এলাকায় পৌঁছানোর পর ওই কিশোররা উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের বিষয়টি নজরে আসে। তারা মোটরসাইকেলে পিকআপটির পিছু নিয়ে ভূইয়া দিঘী এলাকায় গাড়িটির গতিরোধ করে।
সেখান থেকে ৯ কিশোরকে নামিয়ে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
পরে ছাত্রদলের নেতাকর্মীরা বিষয়টি সেনবাগ থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক কিশোরদের নিজেদের হেফাজতে নেয়। এ সময় তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপে করে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে স্থানীয়রা কিশোরদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়।
তিনি জানান, আটক ৯ কিশোর বর্তমানে থানায় রয়েছে। ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সদ্য সংবাদ/এসএস