চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) প্রায় তিন হাজার মানুষ যোগ দিয়েছেন বলে জানিয়েছে দলটি। শুক্রবার (২ অক্টোবর) কেরানীহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তাদের আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত করা হয়।
যোগদানকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক ও বর্তমান নেতাকর্মীর পাশাপাশি চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা রয়েছেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক লায়ন এ এম মুন্না চৌধুরী। প্রধান অতিথি ছিলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দলের রাজনৈতিক পরিকল্পনা এবং বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য দেন। পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন ইস্যুও আলোচনায় আসে।
নাসিরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে চাঁদাবাজি প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
আয়োজকদের দাবি, যোগদানকারীদের মধ্যে এলডিপি, আপ বাংলাদেশ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও রয়েছেন।
এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, সাতকানিয়ায় এই যোগদানের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হলো। তবে প্রায় তিন হাজার যোগদানের সংখ্যাটি আয়োজকদের দাবি হিসেবে উল্লেখ করা হয়েছে।
সদ্য সংবাদ/এসএস