রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান পাবনার ঈশ্বরদীতে প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার (৩ অক্টোবর) সকালে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালানটি রূপপুরের উদ্দেশে পাঠানো হয়।
সকাল সোয়া ৭টার দিকে তিনটি বিশেষ লরিতে ইউরেনিয়াম নিয়ে গাড়িবহরটি বিমানবন্দর ছাড়ে। পুরো পরিবহনের নিরাপত্তায় ছিল বাংলাদেশ সেনাবাহিনী, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। জ্বালানি বহনকারী বহর নির্বিঘ্নে চলাচলের জন্য মহাসড়কের একটি লেনও ফাঁকা রাখা হয়।
এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে রাশিয়া থেকে একটি বিশেষ কার্গো বিমানে করে ইউরেনিয়ামের চালানটি ঢাকায় আসে। বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নিরাপত্তা যাচাই শেষে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা জ্বালানি বুঝে নেন।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রূপপুরের প্রথম ইউনিটের অতিরিক্ত প্রয়োজন এবং দ্বিতীয় ইউনিটের কমিশনিংয়ের জন্য আগামী ডিসেম্বর পর্যন্ত আরও কয়েকটি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আসবে। মোট নয়টি ফ্লাইটে ২০০টির বেশি ফুয়েল অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি অ্যাসেম্বলি রয়েছে।
এর আগে ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়ামের চালানটি দেশে আসার কথা থাকলেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে জটিলতার কারণে সেটি পিছিয়ে যায়। পরে সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন হলে শুক্রবার রাতে বিশেষ কার্গো ফ্লাইটে চালানটি বাংলাদেশে পৌঁছে।
সদ্য সংবাদ/এসএস