চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে সেই আয়োজনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) উপজেলার কদম রসূল এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, জন্মদিন পালনের সময় তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন।
আটক দুজন হলেন সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার মোহাম্মদ রসূল হকের ছেলে মো. ইজাজুল হক (২৪) এবং ভাটিয়ারী ইউনিয়নের কদম রসূল এলাকার সালে জহুরের ছেলে মো. শাহ নেওয়াজ রাফি।
পুলিশ জানায়, সম্প্রতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি আয়োজনের ভিডিও ফেসবুকে প্রকাশ করা হয়। ভিডিওতে ১১ জনের একটি দলকে একসঙ্গে জন্মদিন উদযাপন করতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভিডিওটি যাচাইয়ের পর সেখানে থাকা ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করে পুলিশ। এরই ধারাবাহিকতায় ইজাজুল হক ও শাহ নেওয়াজ রাফিকে শনাক্ত করে আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ফেসবুকে প্রকাশিত জন্মদিন পালনের ভিডিওটি প্রাথমিকভাবে যাচাই করা হয়েছে। ভিডিওতে থাকা দুই যুবকের নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশের ভাষ্য, শুধু জন্মদিন পালনের আয়োজন নয়, ওই আয়োজনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ এবং সেখানে বিভিন্ন স্লোগান দেওয়ার বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।
তবে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের দোষী হিসেবে গণ্য করা যাবে না।
সদ্য সংবাদ/এসকে