গাজীপুর মহানগরের ডেগেরচালা এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনায় ধোঁয়ার মধ্যে আটকা পড়ে অসুস্থ হয়ে পড়া ৭০ শ্রমিককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। পরে কোনাবাড়ি, গাজীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, আগুনের ধোঁয়ায় ভবনের তৃতীয় তলায় থাকা বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে ৭০ জনকে উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানাটির আশপাশে পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নেভানোর কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। পাশাপাশি ভবনটিতে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত সময় লাগছে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কারখানার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ জানতে পরবর্তী সময়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সদ্য সংবাদ/এসএস