সাভারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরনো ছবি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ছবিতে আওয়ামী লীগ নেতা মো. শাহীন মিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা যাচ্ছে সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদিকে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, একটি অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন বিএনপি নেতা বদিউজ্জামান বদি। এ সময় তার পাশে আওয়ামী লীগ নেতা মো. শাহীন মিয়াকেও দেখা যায়।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ছবিটি আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত একটি সামাজিক অনুষ্ঠানের। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন মিয়া এবং তাকে ফুল দিয়ে বরণ করেন বদিউজ্জামান বদি।
তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ার পর এর রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে আসন্ন সাভার পৌর নির্বাচনকে সামনে রেখে ছবিটি স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।
ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্য দেখা গেলেও, এটি যে সময়কার এবং যে অনুষ্ঠানের, সেই প্রেক্ষাপটেই ছবিটি তোলা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ছবিটি নিয়ে দুই নেতার পক্ষ থেকে নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/এসকে