সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) রাতভর শহরের বিভিন্ন এলাকা ও উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ পৌরসভার দিয়ারধানগড়া মহল্লার বাতেন শেখ (৪০) ও নাবিল শেখ (২১), জানপুর এলাকার মাহবুবুল আলম (৪২) এবং বহুলী ইউনিয়নের ধীতপুর আলাল গ্রামের ইমরান শেখ (২৫), আতিকুর রহমান (৪৬) ও আল আমিন (৩৯)।
পুলিশ জানায়, গত শুক্রবার সিরাজগঞ্জ শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করা হয়। বিষয়টি নজরে আসার পর ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে পুলিশ। পরে শুক্রবার গভীর রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপতৎপরতা বন্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/এসকে