গাইবান্ধার গোবিন্দগঞ্জে চুরি করা গরু জবাই করে বউভাতের আয়োজনের অভিযোগে বরের বাবা রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জবাই করা গরুর মাংস, মাথা, চামড়া ও পা উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার।
পুলিশ জানায়, শুক্রবার (২ অক্টোবর) রুদ্রনগর গ্রামের সোহানের বিয়ে হয়। পরদিন বকশিচর গ্রামে তার বাবার বাড়িতে বউভাতের অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের জন্য শনিবার ভোরে রফিকুল ইসলামের বাড়িতে একটি গরু জবাই করা হয়।
এদিকে, শুক্রবার গভীর রাতে পশ্চিম মাস্তা গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের গোয়ালঘর থেকে প্রায় এক লাখ টাকা দামের একটি গরু চুরি যায়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের সঙ্গে নিয়ে গরুটির সন্ধানে বের হন শহিদুল।
খোঁজ করতে গিয়ে গরুর পায়ের ছাপ অনুসরণ করে বকশিচর গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে পৌঁছান তারা। সেখানে চুরি যাওয়া গরুটি জবাই করা হচ্ছে বলে অভিযোগ করেন গরুর মালিক। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ছুরিকাঘাতে গরুর মালিকের এক ভাতিজা আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ। সেখানে রফিকুল ইসলামকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে জবাই করা গরুর মাংস, মাথা, চামড়া ও পা জব্দ করে পুলিশ।
ঘটনার পর শনিবার বিকেলে গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। মামলায় রফিকুল ইসলামসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, চুরি হওয়া গরুর বিভিন্ন অংশ জব্দের পাশাপাশি মামলার অন্যতম আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সদ্য সংবাদ/এসএস