জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর কুষ্টিয়ায় হামলার অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় জেলার লালন শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি করেছে দলটি।
এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ করেন। সেখানে তিনি দাবি করেন, ঝিনাইদহ ও হবিগঞ্জের পর এবার কুষ্টিয়াতেও বিএনপির হামলার শিকার হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের কয়েকজনকে ‘ধর, ধর’ বলে তাড়া করতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা এবং সেখানে দেখা ঘটনার সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগের সরাসরি সম্পর্ক প্রতিবেদনটি লেখা পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে, গত ২২ মে ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। জুমার নামাজের পর পুরাতন ডিসি কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে বলে তখন দাবি করা হয়েছিল।
এ ছাড়া গত ২৮ জুলাই সন্ধ্যায় হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার, সোনালী ব্যাংক ও সার্কিট হাউস সংলগ্ন এলাকায়ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ওঠে।
সদ্য সংবাদ/এসএস