কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দ্বিতীয় ধরলা সেতু চেকপোস্টে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে দ্বিতীয় ধরলা সেতু চেকপোস্ট এলাকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া জেলা সদরের কালসীমাটি দক্ষিণপাড়া ২১ নম্বর ওয়ার্ড এলাকার বাবুল আহমেদ (৩২) ও মোকসেদুল মণ্ডল (৩৩)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফুলবাড়ী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, ‘ফুলবাড়ী থানাকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সদ্য সংবাদ/ এআর