আশুলিয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুটি ডিলার পয়েন্টে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস রিফিল এবং গ্যাসের বোতলে পানি ভর্তির প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার বিকেলে আশুলিয়ার কুটুরিয়া ও আমতলা এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান।
অভিযানের শুরুতে আমতলা এলাকার যমুনা ও বিএম এলপি গ্যাসের পরিবেশক মেসার্স হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ক্রয় ও বিক্রয় চালান এবং পরিবেশকের দেওয়া তথ্যে গরমিল পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে সতর্ক করার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে পার্শ্ববর্তী ইকবাল এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়। সেখানে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস রিফিল এবং গ্যাসের বোতলে পানি ভর্তির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক ইকবাল হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে নজরদারিতে রাখার ঘোষণা দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং কাগজপত্রে গরমিল থাকায় মেসার্স হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস রিফিল এবং গ্যাসের বোতলে পানি ভর্তির প্রমাণ পাওয়ায় ইকবাল এন্টারপ্রাইজের মালিক ইকবাল হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সদ্য সংবাদ/ এআর