আশুলিয়ায় বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে অননুমোদিতভাবে এলপিজি ভরার পাশাপাশি ওজন বাড়াতে সিলিন্ডারের ভেতরে পানি দেওয়ার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৪ অক্টোবর) সাভারের আশুলিয়ার কাঠগড়া ও আমতলা এলাকায় বাজার তদারকির অংশ হিসেবে অভিযান চালিয়ে ইকবাল এন্টারপ্রাইজসহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান।
অভিযানে আমতলা এলাকার ইকবাল এন্টারপ্রাইজে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির তথ্য পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে প্রতিটি সিলিন্ডার ২ হাজার ২০০ টাকা করে বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি গ্যাস কেনার বৈধ ভাউচারও দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।
তদারকি দলের অভিযোগ, প্রতিষ্ঠানটিতে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে অননুমোদিতভাবে এলপিজি স্থানান্তর করা হচ্ছিল। একই সঙ্গে সিলিন্ডারের ওজন বাড়ানোর জন্য পানি ব্যবহারের প্রমাণও পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে কাঠগড়া এলাকার হাজি আব্দুর রহমান এন্টারপ্রাইজেও অনিয়ম ধরা পড়ে। সেখানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় ও বিক্রয়মূল্যের মধ্যে অসামঞ্জস্য পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া কাঠগড়া বাজারের কয়েকটি ফলের দোকানেও তদারকি চালানো হয়। অতিরিক্ত দামে ফল বিক্রি বন্ধ এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে দোকানিদের সতর্ক করা হয়।
অভিযান শেষে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান বলেন, সাধারণ ভোক্তার স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সংবাদ/এসকে