কৈশোরে স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সঠিক ধারণার অভাবে অনেক কিশোর-কিশোরী নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার ও সমাজের পরিসরেও সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন আলহাজ্ব জসিম উদ্দিন মিন্টু।
চট্টগ্রামের চর চাক্তাই আইডিয়াল গ্রামার স্কুলে Bright Nation Youth Network (BNYN)-এর উদ্যোগে চলমান ‘প্রজেক্ট দীপশীখা’র দ্বিতীয় কার্যক্রমে অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জসিম উদ্দিন মিন্টু বলেন, কৈশোরকালীন স্বাস্থ্য, অধিকার ও ব্যক্তিগত সচেতনতা সম্পর্কে কিশোর-কিশোরীদের উপযুক্ত সময়ে সঠিক তথ্য দেওয়া জরুরি। নিয়মিত সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে তাদের প্রয়োজনীয় জ্ঞান ও আত্মসচেতনতা তৈরি করা সম্ভব।
তিনি বলেন, বয়সজনিত বিভিন্ন পরিবর্তন ও স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় অনেকেই অল্প বয়সে সমস্যার মুখোমুখি হয়। তাই এসব বিষয়ে কিশোর-কিশোরীদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন করা দরকার।
সংগঠনের কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সচেতনতার উদ্যোগ যেন শুধু স্কুলের শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। আশপাশের মহল্লা ও সমাজে যেসব অভিভাবকের মধ্যে এ বিষয়ে সচেতনতার ঘাটতি রয়েছে, তাদেরও কর্মসূচির আওতায় আনতে হবে।
তার মতে, পরিবারকে সচেতন করা গেলে কৈশোরকালীন স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে সন্তানদের জন্য আরও সহায়ক পরিবেশ তৈরি করা সম্ভব হবে। এজন্য স্কুলভিত্তিক উদ্যোগের পাশাপাশি সামাজিক পর্যায়েও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা প্রয়োজন।
সদ্য সংবাদ/এসএস