কারিগরি শিক্ষায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার (৪ অক্টোবর) জেলা প্রশাসনের আয়োজনে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাকে সম্মাননা দেওয়া হয়। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম তার হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এর আগেও একাধিক স্বীকৃতি পেয়েছেন অধ্যক্ষ শরীফুল ইসলাম। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ জেলা ও উপজেলা পর্যায়ে কারিগরি শিক্ষা বিভাগে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন তিনি। এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালা-২০১৬ অনুযায়ী উপজেলা, জেলা ও রাজশাহী বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ অধ্যক্ষের স্বীকৃতি পেয়েছেন।
কারিগরি শিক্ষার প্রসারে অবদানের জন্য ২০১৯ সালে জ্ঞান তাপস ডা. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ড পান শরীফুল ইসলাম। ২০২২ সালে অর্জন করেন বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড। পরের বছর ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষকতা ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন।
শিক্ষা প্রশাসনেও রয়েছে তার সাফল্য। ২০১৯ সালে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত ১৩৬তম শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণে সারাদেশ থেকে অংশ নেওয়া অধ্যক্ষদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। নায়েম, এইচটিটিআই রাজশাহীসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে একাধিক প্রশিক্ষণও নিয়েছেন।
বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘Technical and Vocational Education in Bangladesh: A Study on Employment Opportunities and Challenges’ বিষয়ে পিএইচডি গবেষণা করছেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর ২০০১ সালে সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী এলাকায় প্রতিষ্ঠা করেন ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বি.এম কলেজ। পরে ২০০৪ সালের ১ মে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়।
প্রতিষ্ঠানটিতে বর্তমানে বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে পাঠদান, মাল্টিমিডিয়া ক্লাসরুম, নিজস্ব কেন্দ্রে পরীক্ষা এবং নিয়মিত সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক মূল্যায়নের ব্যবস্থা রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি উত্তরবঙ্গের একটি উল্লেখযোগ্য কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
শিক্ষকতা ও প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি শিক্ষক সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন শরীফুল ইসলাম। তিনি বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া সিট পলিটেকনিক ও মেডিক্যাল ইনস্টিটিউট, সিরাজগঞ্জের পরিচালক (প্রশাসন) এবং তাড়াশ কল্যাণ সমিতি, সিরাজগঞ্জের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
কারিগরি শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। পাশাপাশি তার লেখা ‘শতলেখা শতলিপি’ নামে একটি গ্রন্থও প্রকাশিত হয়েছে।
শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম বলেন, শিক্ষক-কর্মচারীদের আন্তরিকতা, নিরলস পরিশ্রম এবং সুশাসনের সমন্বয়েই ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ শিক্ষার মানোন্নয়নে এগিয়ে যাচ্ছে। এই স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, পুরো প্রতিষ্ঠানের জন্যও গর্বের বিষয়। আগামী দিনে এটি আরও ভালো কাজের অনুপ্রেরণা হিসেবে ভূমিকা রাখবে।
সদ্য সংবাদ/এসএস