কিশোরগঞ্জে নির্ধারিত পরিমাণের চেয়ে কম গ্যাস দিয়ে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ বাজারে অভিযান চালিয়ে রাজিব মিয়া নামের ওই ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ পরিশোধ না করলে তাকে অতিরিক্ত সাজাও ভোগ করতে হবে।
অভিযান সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, রাজিব মিয়ার দোকানে পূর্ণ সিলিন্ডার থেকে গ্যাস বের করে অন্য সিলিন্ডারে স্থানান্তরের জন্য বিশেষ ধরনের যন্ত্র ব্যবহার করা হচ্ছিল। এ প্রক্রিয়ায় ১২ কেজির একটি সিলিন্ডার থেকে ৩ থেকে ৪ কেজি গ্যাস সরিয়ে নেওয়ার পর সেটিকে পূর্ণ সিলিন্ডার হিসেবে বিক্রি করা হতো।
মঙ্গলবার রাতে এমন কার্যক্রম চলার সময় স্থানীয় কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে তাকে আটক করেন। পরে খবর দেওয়া হয় উপজেলা প্রশাসনকে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান মারুফ ঘটনাস্থলে পৌঁছান।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের প্রমাণ পাওয়ায় রাজিব মিয়ার বিরুদ্ধে সাজা দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, রাজিব মিয়ার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়। তিনি মহিনন্দ এলাকায় শ্বশুরবাড়িতে থেকে এলপিজির ব্যবসা পরিচালনা করছিলেন। আদালতের কার্যক্রম শেষে তাকে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান মারুফ জানান, জিজ্ঞাসাবাদে ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম করার কথা স্বীকার করেছেন। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সদ্য সংবাদ/এসএস