খাগড়াছড়ির সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকালে রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত গুইমারা বিজিবি সেক্টরের আওতাধীন তিনটি ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দ করা সামগ্রীর মধ্যে ছিল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, সিগারেট, ইয়াবা ও বিভিন্ন ধরনের তামাকজাতীয় মাদক।
পরে আইনগত প্রক্রিয়া শেষে জব্দ করা এসব মাদকদ্রব্য ধ্বংসের উদ্যোগ নেয় বিজিবি। নির্ধারিত প্রক্রিয়ায় একসঙ্গে এসব মাদক ধ্বংস করা হয়।
মাদক ধ্বংস কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির চট্টগ্রাম দক্ষিণ রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।
অনুষ্ঠানে তিনি বলেন, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে বিজিবির নজরদারি ও অভিযান নিয়মিতভাবে চলবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।
এ সময় গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডারসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস