বগুড়ার কাহালু থানায় একটি অভিযোগের বিষয়ে এক পক্ষের হয়ে সুপারিশ করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন উপজেলা যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিক। তাঁর বিরুদ্ধে ২০২৫ সালে করা একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই মামলায় জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে কাহালু থানার গোলঘরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উলট্ট গ্রামের একটি অভিযোগের বিষয়ে থানার গোলঘরে দুই পক্ষকে নিয়ে আলোচনা করছিলেন এসআই মোহাম্মদ আলী। এ সময় সেখানে উপস্থিত হন আবু বক্কর সিদ্দিক। তিনি অভিযোগের একটি পক্ষের হয়ে পুলিশ কর্মকর্তার কাছে তদবির করছিলেন।
আলোচনার মাঝেই অপর পক্ষের লোকজন পুলিশকে আবু বক্করের পরিচয় ও তাঁর বিরুদ্ধে থাকা মামলার তথ্য জানান। এরপর পুলিশ তাঁর বিষয়ে খোঁজ নিয়ে অভিযোগের সত্যতা যাচাই করে। পরে গোলঘর থেকেই তাঁকে আটক করা হয়।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে ২০২৫ সালে দায়ের হওয়া একটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/এসএস