ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে সিরাজগঞ্জের কাজিপুরে সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরিচ্ছন্নতা, সচেতনতা ও রোগীদের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন দলটির নেতাকর্মীরা।
৪ অক্টোবর থেকে শুরু হওয়া ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ চলবে ১০ অক্টোবর পর্যন্ত। কর্মসূচির ধারাবাহিকতায় কাজিপুর উপজেলা জামায়াতের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান দলের নেতারা।
এ সময় সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. শাহিনুর আলম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণের করণীয় নিয়ে কথা বলেন এবং স্বাস্থ্যসেবার বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ নেন।
হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। একই সঙ্গে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য নেন জামায়াত নেতারা।
কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগীদের সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়। পরে রোগী ও সংশ্লিষ্টদের মধ্যে পানীয় এবং বিভিন্ন ধরনের ফল বিতরণ করা হয়।
কর্মসূচিতে কাজিপুর উপজেলা জামায়াতের আমির জাহিদুল ইসলাম, নায়েবে আমির মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি আরমান হোসেন, পৌর জামায়াতের সভাপতি শাফিউল ইসলাম সানা এবং সহসভাপতি সহকারী অধ্যাপক রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
পরিদর্শন শেষে জামায়াত নেতারা ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
সদ্য সংবাদ/এসএস