বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষ

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ অক্টোবর, ২০২৬ ১৯:০৯:২৩
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় দুই সংসদ সদস্যের উপস্থিতিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতকানিয়া পৌরসভা বিএনপির সংগঠক মো. দিদারুল হক বাপ্পি আহত হয়েছেন বলে জানা গেছে।

এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে দুই সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাদের হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, টংকাবতী খালের ওপর নির্মিত ৬৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজটির উদ্বোধন নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে আগে থেকেই আলোচনা চলছিল। বৃহস্পতিবার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্নার ব্রিজটি উদ্বোধন করার কথা থাকলেও তার এক দিন আগে বুধবার স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সেটি উদ্বোধন করেন।

এ কারণে বৃহস্পতিবার ব্রিজ এলাকায় না গিয়ে শামীম আরা বেগম স্বপ্না সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। দুপুরের দিকে তিনি হাসপাতাল থেকে বের হওয়ার সময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সেখানে যান স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় হাসপাতালের প্রধান ফটকের সামনে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে গড়ায়।

ঘটনার সময় ভিডিও ধারণ করছিলেন দৈনিক কালবেলার সাতকানিয়া প্রতিনিধি মো. মিনহাজ উদ্দিন। তার অভিযোগ, জামায়াতের কয়েকজন নেতা-কর্মী তার কাছ থেকে মোবাইল ফোনটি নিয়ে নেন। প্রায় ২০ মিনিট পর ফোনটি ফেরত দেওয়া হলেও সেটি ভাঙা ছিল বলে দাবি করেন তিনি।

মিনহাজ উদ্দিন বলেন, সংঘর্ষের দৃশ্য ধারণের সময় কয়েকজন তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে হেনস্তা করেন। পরে ফোনটি ভাঙচুর করে ফেরত দেওয়া হয়।

এর কিছুক্ষণ পর উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায়ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বলে জানা গেছে। সেখানে ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় অনলাইন সাংবাদিক মাকছুদুল ইসলাম চৌধুরীও একই ধরনের ঘটনার শিকার হওয়ার অভিযোগ করেন।

তার ভাষ্য, বিএনপির কয়েকজন নেতা-কর্মী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষের দরজায় ধাক্কাধাক্কি করছিলেন। ওই দৃশ্য ধারণের সময় তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে এক পাশে নিয়ে মারধর করা হয়। পরে ভাঙা অবস্থায় ফোনটি ফেরত দেওয়া হয়।

ঘটনার বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান অভিযোগ করেন, জামায়াতের নেতা-কর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালিয়ে তাদের একজনকে আহত করেছেন। সাংবাদিক মিনহাজ উদ্দিনকেও হেনস্তা করা হয়েছে বলে দাবি করেন তিনি। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং সাংগঠনিক বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

অন্যদিকে সাতকানিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমির হামিদ উদ্দিন আজাদ দাবি করেন, সংঘর্ষের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। পরে তিনি জানতে পারেন, হাসপাতালে স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের সাক্ষাৎ নিয়ে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতি হয়েছে। সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার বিষয়টি তার জানা নেই বলে জানান তিনি।

হাসপাতালের পরিস্থিতি সম্পর্কে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত দে জানান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যের হাসপাতাল পরিদর্শনের বিষয়ে তাকে কোনো আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়নি। তবে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তাকে জানান। পরে সংসদ সদস্য হাসপাতাল পরিদর্শন শেষে চলে যান। বাইরে উত্তেজনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক দেখতে পান।

ব্রিজ উদ্বোধন নিয়ে উপজেলা এলজিইডির কর্মকর্তা সবুজ কুমার দে জানান, তাদের জানানো হয়েছিল যে বৃহস্পতিবার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্রিজটি উদ্বোধন করবেন। পরে স্থানীয় সংসদ সদস্য প্রকল্পের তথ্য নিয়ে নিজ উদ্যোগে নামফলক তৈরি করে বুধবার ব্রিজটি উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ বলেন, হাসপাতালের বাইরে কিছুটা হট্টগোল হলেও তার কার্যালয়ে কোনো ধরনের উত্তেজনা হয়নি। স্থানীয় সংসদ সদস্য আগেই ব্রিজটি উদ্বোধন করায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেখানে যাননি। এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে হেনস্তার বিষয়টি সার্কেল অফিসারকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সাতকানিয়া সার্কেলের কর্মকর্তা মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, দুই পক্ষের মধ্যে কিছুটা হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকায় এবং সার্বক্ষণিক নজরদারি করায় বড় ধরনের সংঘাত এড়ানো গেছে। ঘটনার পুরো বিষয়টি যাচাই করা হচ্ছে। তদন্তের পর বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী