বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন না করলে দেশে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এমন পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসার দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামা ওবায়েদ। দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বক্তব্যে গত ১৭ বছরে নির্যাতন, হামলা-মামলা ও গুমের অভিজ্ঞতার কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ছাত্র-জনতা স্বৈরাচারকে পরাজিত করার পর দেশ যখন স্থিতিশীলতার দিকে এগোচ্ছে, তখন আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।
বিদ্যুৎ খাতের পরিস্থিতি নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে এ খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের সময়ও বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য কাজ হয়নি বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকার বিদ্যুৎ খাতের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সময় দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান শামা ওবায়েদ। তিনি বলেন, দলের ভেতরে যেন কোনো স্বৈরাচারী শক্তি প্রবেশ করে ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
সমাবেশের আগে নগরকান্দা উপজেলা সদরের পেট্রোল পাম্প এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে এমএন একাডেমি মাঠে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সদ্য সংবাদ/এসকে