গাজীপুরের শ্রীপুরে বিকাশের এক পরিবেশক প্রতিষ্ঠানের অর্থ বহনকারী ব্যক্তিগত গাড়ি আটকে প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। তবে গাড়িটিতে মোট চার কোটি টাকা ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এক কর্মকর্তা।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেল, গাড়িচালক লাল মিয়া এবং এরিয়া ম্যানেজার ফরহাদ। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রীপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের পরিবেশক হিসেবে কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতন পরিশোধের চাপ থাকায় নগদ অর্থের সংকট তৈরি হয়।
তিনি বলেন, বিকাশের নির্ধারিত নিয়ম অনুসরণ করে নরসিংদী সদরের পরিবেশক হযরত আলী মুন্সীর কাছ থেকে বিকাশের ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা সংগ্রহ করা হচ্ছিল। সংগৃহীত অর্থ একটি ব্যক্তিগত গাড়িতে করে পরিবহন করা হচ্ছিল।
মোস্তাফিজুর রহমানের বলেন, গাড়িটি কর্ণপুর এলাকায় পৌঁছানোর পর ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা সেটির গতিরোধ করে। এরপর চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে তারা। একপর্যায়ে পিস্তল বের করে হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেলকে গুলি করা হয়।
প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা আরও জানান, গাড়িতে তিনটি প্লাস্টিকের বস্তায় নগদ অর্থ রাখা ছিল। হামলাকারীরা বস্তাগুলো নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। প্রাথমিক হিসাবে লুট হওয়া অর্থের পরিমাণ প্রায় তিন কোটি টাকা বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি। তবে গাড়িতে সব মিলিয়ে চার কোটি টাকা ছিল বলেও উল্লেখ করেন তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আহত ব্যক্তিদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সংবাদ/ এআর