পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপি ও দলটির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলুর ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে লালমনিরহাট জেলা বিএনপি। দলটির দাবি, ব্যক্তিগত জমি নিয়ে বিরোধের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। অথচ ঘটনাটিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
শুক্রবার (৯ অক্টোবর) লালমনিরহাট জেলা বিএনপির ‘হামার বাড়ি’ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৫ অক্টোবর লালমনিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিডিআরহাট এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পৈতৃক সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে পারিবারিক বিরোধকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করার চেষ্টা করা হয়েছে। এটি দুটি পরিবারের অভ্যন্তরীণ সম্পত্তি-সংক্রান্ত বিরোধ। এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।
মমিনুল হক আরও দাবি করেন, জমি নিয়ে বিরোধে জড়িত ব্যক্তিরা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁরা নিজেদের অবস্থান পরিবর্তনের চেষ্টা করেছেন এবং বিএনপিতে যোগ দিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জমি নিয়ে বিরোধের জেরে দায়ের করা মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা সংশ্লিষ্ট পরিবারের নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ সদস্য। বিষয়টি আড়াল করে ঘটনাকে রাজনৈতিকভাবে উপস্থাপনের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে।
বিএনপি নেতারা বলেন, দলটি কখনো বলপ্রয়োগ, নৈরাজ্য, ভাঙচুর কিংবা লুটপাটকে প্রশ্রয় দেয় না। মাদক কারবার, অপরাধমূলক কর্মকাণ্ড ও সামাজিক বিশৃঙ্খলার বিরুদ্ধেও দলটি কঠোর অবস্থানে রয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।
সংবাদ সম্মেলন থেকে জমি বিরোধে জড়িত ব্যক্তিদের পাশাপাশি বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টায় জড়িতদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে ব্যক্তিগত ও পারিবারিক বিরোধকে রাজনৈতিক ইস্যুতে পরিণত না করার আহ্বান জানান নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান (ভিপি আনিছ)সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/ এআর