ফজরের নামাজ শেষে চিকিৎসকের পরামর্শে প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়েছিলেন দুই নারী। তবে সেই প্রাতঃভ্রমণই তাঁদের জীবনের শেষ যাত্রা হয়ে উঠল। লালমনিরহাটে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেছে ফজিলা বেগম ও জহিলা বেগমের।
শনিবার (১০ অক্টোবর) ভোরে লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকার কালভার্টের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বের হন ফজিলা ও জহিলা বেগম। এ সময় রংপুর থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রেখে পুলিশে খবর দেন।
স্থানীয় বাসিন্দা কাউসার মাহমুদ জানান, দুই নারীই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তাঁদের একজনের কিডনির সমস্যা এবং অন্যজনের ডায়াবেটিস ছিল। চিকিৎসকের পরামর্শে তাঁরা নিয়মিত সকালে হাঁটতে বের হতেন।
এদিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ওই অংশের সরু সড়ক ও ভারী যানবাহন চলাচল নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয়রা। কাউসার মাহমুদের ভাষ্য, সড়কটি সরু হওয়ায় এবং চালকদের বেপরোয়া গতির কারণে সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গত দুই বছরে এ মহাসড়কে শনিবারের দুর্ঘটনায় নিহত দুই নারীসহ মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সদ্য সংবাদ/এসকে