সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল আয়োজনের প্রস্তুতির অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে ঢাকা–বগুড়া মহাসড়কের কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে পলাশঙ্গা যুব শিবির-সংলগ্ন এলাকায় ১৭ জন নেতা-কর্মী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের টহল গাড়ি দেখতে পেয়ে তাঁরা সেখান থেকে সরে যান। পরে তাঁদের কয়েকজন কামারখন্দের তালুকদার বাজার এলাকায় পৌঁছান। সেখানে স্থানীয় লোকজন ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার সাইদুল ইসলাম (২২), মুলিবাড়ী এলাকার নাজমুল আকন্দ (১৯), সয়দাবাদ পঞ্চসোনা এলাকার নাজমুল ইসলাম (২০), হাট সারোটিয়া এলাকার মিরাজ মোল্লা (১৮), সয়দাবাদ পূর্ব মোহনপুর এলাকার রাকিব শেখ (১৮) এবং মুলিবাড়ী এলাকার শরিফুল ইসলাম (১৮)।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, আটক ছয়জনকে থানায় নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।
সদ্য সংবাদ/এসএস