শরীয়তপুরের গোসাইরহাটে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত মিনি বার ফুটবল টুর্নামেন্টের প্রথম আসর শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার দাশেরজঙ্গল বাজারসংলগ্ন নদীরপাড় বালুর মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
‘মহিষকান্দি সুপার ইলেভেন ক্লাব’ আয়োজিত দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্ট সিজন-১-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর। তবে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। পরে বিশেষ অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন।
খেলা শুরুর আগে অতিথিরা টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোসাইরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন সরদার।
উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন সরদার, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, জ্যেষ্ঠ সহসভাপতি বিল্লাল সরদার, সাবেক ছাত্রদল নেতা জুয়েল মাদবর এবং সাবেক ছাত্রনেতা ফারুক বয়াতী। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক শৃঙ্খলা বজায় রাখতেও খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়াচর্চার সুযোগ বাড়ানো প্রয়োজন।
তাঁরা আরও বলেন, বেগম খালেদা জিয়ার স্মৃতিকে কেন্দ্র করে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন তরুণদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চাকে উৎসাহিত করতে পারে। স্থানীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে সক্রিয় রাখতে এমন উদ্যোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তাঁরা।
টুর্নামেন্টটি পরিচালনার দায়িত্বে রয়েছেন বৈশাখী ডিজিটাল প্রিন্টের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন ঘরামী।
সদ্য সংবাদ/এসএস