চট্টগ্রামের মিরসরাইয়ের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে আসা অর্ধশতাধিক গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১১ অক্টোবর) দুপুরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় গরুগুলো জব্দ করা হয়। জব্দ করা গরুর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সার্বিক সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ ও সতর্ক রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/ এআর