শরীয়তপুরের গোসাইরহাটে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধ এবং কন্যাশিশুর অধিকার ও সম্ভাবনা তুলে ধরতে এ আয়োজন করা হয়।
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্তের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা নাহিয়ান।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, গোসাইরহাট থানার উপপরিদর্শক মহসিন, ইদিলপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান সবুজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা কন্যাশিশুর শিক্ষা, অধিকার এবং বাল্যবিবাহ প্রতিরোধের গুরুত্ব নিয়ে বক্তব্য দেয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকেরা বলেন, কন্যাশিশুর জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কন্যাশিশুর বিকাশের সুযোগ তৈরি হলে তারাও ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
সদ্য সংবাদ/এসএস